আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৮:৫৪ পিএম
বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৪ আগস্ট) আইন, বিচার ও মানবাধিকার বিষযক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচিত কমিটি ও সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। এলআরএফ’র পক্ষ থেকে নব নিযুক্ত প্রধান বিচারপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এলআরএফ’র সভাপতি আশরাফ-উল-আলমের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিুবল ইসলাম হাবিব, প্রশক্ষিণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার, মুহাম্মদ ইয়াছিন ও সাকিল আহমাদ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন ও আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সিনিয়র সদস্য বিকাশ নারায়ন দত্ত, সাজিদুল হক, মিল্টন আনোয়ার ও আয়াতুল্লাহ আকতার প্রমুখ।
এদিকে এলআরএফ’র নেতা নব নিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন। তারা অ্যাটর্নি জেনারেলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি মো. রেফাত আহমেদ বলেন, আমরা তো আন ইলেকটেড বডি। তাই সব ক্ষেত্রে আমি মনে করি জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা আরও বেশি।
হাইকোর্টের সব বেঞ্চ বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী রোববার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু হবে। বিচার বিভাগ নিয়ে এক কথায় আপনার স্বপ্ন কি জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, উৎকর্ষতা, মেধার ভিত্তিতে পেশা পরিচালনা। কিছু ক্ষেত্রে তার বিচ্যুতি হয়ে থাকলে সেটাকে ঠিক করতে হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিসংশন বা অপসারণ পদ্ধতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। ষোড়শ সংশোধনী মামলাটা এখনো রিভিউ আকারে আপিল বিভাগে আটকে আছে। সেটার নিষ্পত্তি হলে সুরাহা হবে। হাইকোর্টের সব বেঞ্চের প্রতিদিনের মামলার শুনানির পর তার ফলাফল তাৎক্ষণিক দেয়ার বিষয়ে পদক্ষেপ নিবেন বলেও জানান প্রধান বিচারপতি।
আ. দৈনিক / কাশেম/ বদি উজ্জামান
আপনার মতামত লিখুন :