মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Ajker Dainik

কারাগারে সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৫:৫৯ পিএম

কারাগারে সাংবাদিক দম্পতি শাকিল-রুপা
শাকিল আহমেদ ও ফারজানা রুপা/ফাইল ছবি

রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

শনিবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।


এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাদের আদালতে হাজিরা করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষ তাদের জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

গত ২১ আগস্ট শাহজালাল বিমানবন্দর থেক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়।


ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

 

আ.দৈ/এআর 

Link copied!