বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Ajker Dainik

একাত্তর,সময়সহ বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা

আজকের দৈনিক |  নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৮:৩৫ পিএম

একাত্তর,সময়সহ বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা
ফাইল ছবি

রাজধানীতে কয়েকটি বেসরকারি টেলিভিশন স্টেশনে  এবং গাড়িতে হামলার খবর পাওয়া গেছে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আজ সোমবার (০৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। লাখো ছাত্র–জনতা রাস্তায় নেমে এসেছেন।

এক পর্যায়ে  বিক্ষুব্ধ জনতা বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। একাধিক টেলিভিশনের গাড়িতে আগুনের ঘটনাও ঘটেছে।

কারওয়ান বাজারে এটিএন বাংলার সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকে স্টেশনে হামলা চালায় তারা। সম্প্রচার বন্ধ না হলেও এটিএন বাংলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

কারওয়ান বাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার–টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন।

বীর উত্তম সি আর দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। সময় টেলিভিশনের কার্যালয়ে থাকা সংবাদকর্মীরা যে যে অবস্থায় ছিলেন, সে অবস্থাতেই বের হয়ে যান বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানিয়েছেন।

তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন।

আ. দৈনিক /কাশেম

Link copied!