আজকের দৈনিক | আজকের দৈনিক রিপোর্ট
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৬:৫৭ পিএম
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ কর্মকর্তা ইমরান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। তবে দুবাই পুলিশ তাকে এখনো গ্রেফতার করেনি।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছিল। তাই নোটিশ জারি হলো। তবে এখনো তাকে গ্রেফতারের কোনো খবর আমাদের কাছে আসেনি।
রবিউল ইসলাম ওরফে আরাভ খান যেহেতু ভারতের নাগরিক এ ক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। এই মুহূর্তে পুরো বিষয়টি বলতে পারব না।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বিলাসী জীবনযাপন ও স্বর্ণের দোকান চালু করে সেখানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে গিয়ে সম্প্রতি আলোচনায় উঠে আসেন আরাভ খান। এর পরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েন তিনি। বেরিয়ে আসে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি তিনি। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে আরাভ খানের নাম রবিউল ইসলাম। ভারতীয় পাসপোর্ট নিয়ে আরাভ খান নাম ধারণ করে রবিউল দুবাইয়ে পৌঁছান।
আপনার মতামত লিখুন :