শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ajker Dainik
কোটা সংস্কার আন্দোলনের চলমান সহিংসতায়

পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৭:৫৩ পিএম

পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা
ফাইল ছবি-

সম্প্রতি দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনের চলমান সহিংসতায় ভাঙচুর করা হয় রেলের ইঞ্জিন ও কোচ। পুড়িয়ে দেয়া হয় বিভিন্ন ট্রেনের বগি। ক্ষতিগ্রস্ত হয় রেলপথ। সব মিলিয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৭০ লাখ টাকা। রেলওয়ের উচ্চপর্যায়ের এক তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের দপ্তরপ্রধানদের নিয়ে গঠিত কমিটি তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, দুষ্কৃতকারীরা রেলের এই ক্ষয়ক্ষতি করেছে। প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সুশীল কুমার হালদার গণমাধ্যমকে জানান, বাণিজ্যিক বিভাগের পর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যান্ত্রিক বিভাগের।

কমিটির প্রতিবেদন অনুযায়ী, চারটি ট্রেনের ৪০টি কোচ ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭টি, চট্টলা এক্সপ্রেসের ১৩টি, জামালপুর এক্সপ্রেসের ৬টি, পারাবত এক্সপ্রেসের ৮টি ও কিশোরগঞ্জ এক্সপ্রেসের ২টি বগি ভাঙচুর করা হয়। কিশোরগঞ্জ এক্সপ্রেসের চারটি বগি পুরোপুরি পুড়িয়ে দেয়া হয়। এছাড়া চট্টলা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ভাঙচুর করা হয়।

এদিকে রেলওয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন চলাচল বন্ধ থাকায়। গত ১৮ থেকে ২৩ জুলাই বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল না করায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। যার পরিমাণ ১৬ কোটি ২৮ লাখ টাকা। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলের আওতায় ঢাকা বিভাগের যাত্রীদের ফেরত দিতে হবে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং চট্টগ্রাম বিভাগের যাত্রীদের ফেরত দিতে হবে ৪ কোটি ৫৮ লাখ টাকা।

রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর চট্টগ্রাম নগরের সিআরবিতে গত বুধবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রেন চলাচলের বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আ. দৈনিক / কাশেম/  এআর

Link copied!